জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর ২০২৬ সালের নির্বাচন। দেশের শিপ ব্রেকিং শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংগঠনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। একইভাবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মো. সেলিম উদ্দিন।
শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা সম্পন্ন হয় এবং নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন গাজী মোকাররম আলী চৌধুরী এবং মো. নূর উদ্দিন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন, এস এম নুরুন নবী, ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন এবং একেএম সাইফুল্লাহ শাহেদ।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএসবিআরএ নির্বাচন-২০২৬ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী। ফলাফল ঘোষণাকালে তিনি জানান, সংগঠনটির মোট ৮৫ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতভাগ উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় তিনি সকল ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতার ফলে নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম একই ধরনের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে পরিচালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের ফলে নেতৃত্বের দায়বদ্ধতা আরও বেড়ে যায়। সংগঠনের সদস্যরা যে আস্থা ও বিশ্বাস রেখে তাকে এই দায়িত্ব অর্পণ করেছেন, সেই আস্থার প্রতিফলন ঘটাতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
তিনি বলেন, “বাংলাদেশের শিপ ব্রেকিং শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এই শিল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং জাতীয় শিল্পখাতে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা চাই, শিল্পের টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক মান বজায় রাখা, পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার কার্যক্রম নিশ্চিত করা এবং শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে।”
মোহাম্মদ মহসিন আরও বলেন, “আমি আশাবাদী, নবনির্বাচিত কমিটির সবাই সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশ শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর জন্য আরও আধুনিক, নিরাপদ ও ইতিবাচক কর্মপরিবেশ তৈরি করা সম্ভব হবে। শিল্পের বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট সংস্থা, ব্যবসায়ী মহল এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে শিল্পের উন্নয়নে কাজ করা হবে।”
নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ভোটগ্রহণ শেষে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং দেশের শিপ রিসাইক্লিং শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশন দেশের শিপ ব্রেকিং শিল্পের অন্যতম প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিল্পের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, পরিবেশগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বিধিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আগামী দিনে শিল্পের টেকসই উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।














