২২ অক্টোবর ২০২৬

শ্বশুরকে ‘অসম্মান’, পুত্রবধূর রাজকীয় উপাধি বাতিল করলেন সুলতান !

শ্বশুরকে অসম্মান এবং রাজপরিবারের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি বাতিল করেছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। তবে প্রিন্স আবদুল মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ব্রুনেইয়ের সুলতানের ছেলে প্রিন্স আবদুল মালিক ২০১৫ সালে পেঙ্গিরান রাবিয়াতুল আদা উইয়াহকে বিয়ে করেন। ১০ দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর রাবিয়াতুল রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে রাজকীয় উপাধি লাভ করেন।

সম্প্রতি সেই উপাধিই বাতিল করেছেন তার শ্বশুর সুলতান হাসানাল বলকিয়াহ। রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে রাবিয়াতুলের কিছু আচরণ ‘অনুপযুক্ত’ ছিল। তার আচরণে রাজপরিবারের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

তবে ঠিক কী ঘটনার কারণে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি ব্রুনেইয়ের রাজপরিবার। ফলে সুলতানের সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কারণ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

প্রিন্স আবদুল মালিক ও রাবিয়াতুলের সংসারে চার সন্তান রয়েছে। মায়ের রাজকীয় উপাধি বাতিল হলেও তাদের সন্তানদের উপাধিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে বিবাহবিচ্ছেদের পর নিজের দুই স্ত্রীর রাজকীয় উপাধি বাতিল করেছিলেন সুলতান হাসানাল বলকিয়াহ। তবে রাবিয়াতুলের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। কারণ, প্রিন্স আবদুল মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

ফলে বিবাহবিচ্ছেদ ছাড়াই পুত্রবধূর রাজকীয় উপাধি বাতিলের ঘটনা ব্রুনেইয়ের রাজপরিবারে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে কী এমন ঘটেছিল, যার কারণে সুলতানকে এত কঠোর সিদ্ধান্ত নিতে হলো—তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন