বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর করলিয়ামুরা এলাকার বটতলী বাজার থেকে ঘোনাপাড়া পর্যন্ত দীর্ঘদিনের বেহাল গ্রামীণ সড়কটি দ্রুত সংস্কার ও উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে। সড়কটি সংস্কার হলে উত্তর করলিয়ামুরাসহ আশপাশের পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা গ্রহণে বড় ধরনের সুবিধা হবে বলে আশা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাইশারী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সড়কটি সরেজমিনে পরিদর্শন করে এ আশ্বাস দেন।
স্থানীয়দের ভাষ্য, শতবর্ষী এ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, রোগী এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কৃষিপণ্য বাজারে নিতে এবং জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানা সমস্যার মুখে পড়তে হয়।
পরিদর্শন শেষে মো. জসিম উদ্দিন বলেন, বটতলী-ঘোনাপাড়া সড়কটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিন প্রু জেরির সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। তাই জনস্বার্থে সড়কটির দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ছব্বির আহমদ কোম্পানি, নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. রমজান আলম, ইউনিয়ন বিএনপির নেতা ছিদ্দিক আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনজুর আলম, স্থানীয় সমাজপতি মো. শাহ আলম কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, বহু বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কারকাজ শুরু হলে পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নেও গতি আসবে বলে তারা আশা করছেন।














