চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের পৃথক অভিযানে কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এবং বিভিন্ন অপরাধের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত পরিচালিত এসব অভিযানে সিএমপি অধ্যাদেশে ১৬ জন, ২০২৪ সালের একটি মামলার সন্দিগ্ধ আসামি একজন এবং মারামারির মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।
সদরঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিট থেকে ৭ নভেম্বর রাত ১২টা ৩৫ মিনিট পর্যন্ত থানার শুভপুর, কদমতলী ও লোহার গেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে রাতের অন্ধকারে নির্জন স্থানে ঘোরাফেরা করার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে অবস্থানের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারা এবং প্রাথমিকভাবে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারার অপরাধের প্রমাণ পাওয়ায় তাদের ১০৩ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় সদরঘাট থানায় তিনটি নন-এফআইআর প্রসিকিউশন করা হয়েছে।
এ ছাড়া ৭ নভেম্বর সদরঘাট থানার ২০২৪ সালের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি মো. সানজিদ (২৪) এবং মারামারির মামলার আসামি মো. ছালাউদ্দিনকে (২৫) গ্রেপ্তার করা হয়। সানজিদকে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় এবং ছালাউদ্দিনকে দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ১৪৩, ৩২৩, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।













