চট্টগ্রামের বাকলিয়া থানায় আটক থাকায় এসএসসির ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থী মো. এইদুল আলমকে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়েছে। আর এ উদ্যোগ নিয়েছেন সেই থানারই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, যার বিরুদ্ধে আগে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছিল।
রোববার (১৪ জুন) সকাল ১০টায় নগরীর মুসলিম হাই স্কুল কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবে এইদুল। বিষয়টি নিশ্চিত করেছেন তার মা ববি আক্তার ও বাকলিয়া থানার ওসি।
এইদুল সিএন্ডবি কলোনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গত মঙ্গলবার বাকলিয়ার বউবাজার এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরদিন বুধবার তার ব্যবহারিক পরীক্ষা থাকলেও থানায় হেফাজতে থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেনি সে।
এ নিয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে, পুলিশি পাহারায় হলেও পরীক্ষাকেন্দ্রে নেওয়ার অনুরোধ জানানো হলেও তাতে সাড়া দেয়নি থানা পুলিশ।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর নতুন মোড় নেয় পরিস্থিতি। ওসি মোহাম্মদ সোলাইমান নিজেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে এইদুলের জন্য বিশেষভাবে পুনরায় পরীক্ষার সুযোগ চেয়ে অনুরোধ জানান। পরে শিক্ষা বোর্ড রোববার পরীক্ষার ব্যবস্থা করে।
ওসি সোলাইমান বলেন, “গ্রেপ্তার করা ছিল আমার দায়িত্ব, কিন্তু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ করে দেওয়াও মানবিক দায়িত্ব।” তিনি জানান, প্রয়োজন হলে নিজেই গাড়িতে করে এইদুলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবেন।
এদিকে ছেলের পরীক্ষার সুযোগ ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মা ববি আক্তার। তিনি বলেন, “ছেলেটা আবার পরীক্ষা দিতে পারবে—এটাই এখন সবচেয়ে বড় স্বস্তি।”
তিনি জানান, ওসি নিজে ফোন করে পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে আগের ক্ষোভ অনেকটাই দূর হয়েছে বলেও জানান তিনি।
এর আগে পরিবারের অভিযোগ ছিল, থানায় আটকে রাখার কারণে বুধবারের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি এইদুল। এমনকি পুলিশের পাহারায় পরীক্ষায় অংশ নেওয়ার অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল বলে দাবি করে পরিবার।














