ছুটির আমেজে দারুণ সময় কাটাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সমুদ্রপাড়ের কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই ছবিগুলো ঘিরেই ভক্ত-অনুরাগীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
থাইল্যান্ডের ক্রাবি অঞ্চলে ঘুরতে গিয়ে আন্দামান সাগরের মনোরম পরিবেশে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে স্টাইলিশ লুকে দেখা গেছে প্রভাকে। পাশে ছিল ফলমূল ও ফুলের তোড়া। সমুদ্রের নীল জলরাশি আর প্রভার হাসিমাখা উপস্থিতি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সমুদ্র আর আমি, হারিয়ে গেছি পুরোনো স্মৃতিতে, যেখানে প্রতিটি ঢেউ মনে হয় ভুলে যাওয়া একেকটি গান।’
পোস্ট করা ছবিগুলোতে ইতোমধ্যে ১৮ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। পাশাপাশি এসেছে দুই শতাধিক মন্তব্য। ভক্তদের অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন। ফেরদৌস হাসান নামে এক অনুরাগী লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে’। আরেক ভক্ত পারসা মন্তব্য করেছেন, ‘তবু মনে রেখো’।
একসময় নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেলেও আগের তুলনায় এখন কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন প্রভা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা এই অভিনেত্রী এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নতুন ছবি ও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।














