১৮ সেপ্টেম্বর ২০২৬

সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

এই অঞ্চলের এবং এখানকার জনগণের সামষ্টিক উপকার এবং সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগের কাছে এই সমর্থন কামনা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট নেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় তার কাছে এ সমর্থনের আহ্বান জানানো হয়। এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় অবতরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে তখন থেকেই ভুটানের সঙ্গে চলে আসা বাংলাদেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন হুমায়ুন কবির ও ড. আব্দুল মঈন খান। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারা এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় দুই মন্ত্রী ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে (জিএমসি) বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পেশাদার দক্ষ ও সেমি দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে সহায়তায় বাংলাদেশের আগ্রহের কথা জানান। তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উন্নত দক্ষিণ এশিয়া নিয়ে স্বপ্নের কথা স্মরণ করেন। এছাড়াও, দুই মন্ত্রী এই অঞ্চলের এবং এখানকার জনগণের সামষ্টিক উপকার এবং সার্ক পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন কামনা করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভুটানের প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউন্জে এক ঘণ্টা অবস্থানের পর জার্মানির উদ্দেশ্যে রওয়ানা দেন।

আরও পড়ুন