২৩ অক্টোবর ২০২৬

সিএমপিতে আসামি বাদ দিতে কারসাজি, এসআইয়ের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

চট্টগ্রামে একটি মাদক মামলার দুই আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দিতে তদন্তে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুদ্দোজার বিরুদ্ধে।

বিভাগীয় তদন্তে নিরপরাধ এক ব্যক্তির মোবাইল নম্বরের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) দাখিল, তথ্য সংগ্রহে মিথ্যা পদবি ব্যবহার এবং তদন্তে অসঙ্গতির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. মাসুদ রানা।

পুলিশ সূত্র জানায়, একটি মাদক মামলার তদন্তে মো. ফোরকান মিয়ার সম্পৃক্ততা যাচাইয়ের কথা থাকলেও এসআই বদরুদ্দোজা তাঁর পরিবর্তে বাগেরহাটের শরণখোলা উপজেলার এক ব্যক্তির মোবাইল নম্বরের সিডিআর সংগ্রহ করেন।

পরে ওই সিডিআর ফোরকানের বলে তদন্ত নথিতে উপস্থাপন করে অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়।

বিভাগীয় তদন্ত প্রতিবেদনে বলা হয়, সিডিআর সংগ্রহের সময় এসআই বদরুদ্দোজা নিজের প্রকৃত পদবি গোপন করে নিজেকে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে পরিচয় দেন।

একইসঙ্গে তিনি ডবলমুরিং থানার মাদক মামলার দুই আসামি—ফোরকান ও মো. আলাউদ্দিনকে অভিযোগপত্র থেকে বাদ দেন। তদন্ত চলাকালে আলাউদ্দিনের ভাগনে এবং ফোরকানের ভাই, ইয়াবা মামলার পলাতক আসামি এমরানের সঙ্গে তাঁর একাধিকবার যোগাযোগের তথ্যও তদন্তে উঠে আসে।

গত ১৩ জুন জমা দেওয়া বিভাগীয় তদন্ত প্রতিবেদনে এসআই বদরুদ্দোজার চাকরি জীবনের রেকর্ডও পর্যালোচনা করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালে কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেওয়া এ কর্মকর্তা এর আগে একটি গুরুদণ্ড ও ১১টি লঘুদণ্ড পেয়েছেন। তাঁর চাকরির রেকর্ড সন্তোষজনক নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা বলেন, সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত ও চাকরির রেকর্ড পর্যালোচনায় ভুল সিডিআর সংগ্রহ এবং মিথ্যা পদবি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে এসআই বদরুদ্দোজার এক বছরের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিতের সুপারিশ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে এসআই বদরুদ্দোজা বলেন, সোর্সের দেওয়া ভুল তথ্যের কারণে ভুল সিডিআর সংগ্রহ হয়েছিল। কাউকে বাঁচানোর উদ্দেশ্যে এমনটি করা হয়নি এবং তিনি নিরপেক্ষভাবেই তদন্ত পরিচালনা করেছেন বলে দাবি করেন।

আরও পড়ুন