চট্টগ্রামের সীতাকুণ্ডে বারাকা গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে দুর্ঘটনায় আহত মো. আলাউদ্দিন (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে নগরের প্রবর্তক মোড় এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৬ আগস্ট কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিহত আলাউদ্দিন সীতাকুণ্ড উপজেলার উত্তর মসজিদ্দা এলাকার নতুন বাড়ি, মাঝামাঝি পাড়ার বাসিন্দা। তার বাবা নুরুল ইসলাম ও মা হাজেরা খাতুন।
জানা গেছে, গত ১৬ আগস্ট সকালে বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন আলাউদ্দিন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বারাকা শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আলাউদ্দিন ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।














