২৩ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার, রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে ৪৩ বছর বয়সী মো. আমির হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আমিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়, তিনি দুই সন্তানের বাবা। ১৩ বছর ধরে মসজিদটিতে ইমামের দায়িত্বে ছিলেন তিনি। বসবাস করতেন মসজিদের দোতলায় একটি কক্ষে।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আসরের নামাজে আমির হোসেন ইমামতি করলেও মাগরিবের নামাজের সময় মসজিদে তালা ঝুলতে দেখা যায়। পরে রাতেও তালা দেখে দুই তলার ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ইমামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

সীতাকুণ্ড থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে মসজিদের ভিতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পাগড়ি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় পেয়েছি আমরা। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হলেও তদন্তের স্বার্থে এখনই ওই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম। চিরকুটটি যাচাই করে দেখছে পুলিশ।

আরও পড়ুন