বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ডে উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপ একই সময়ে ও একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দিয়েছে। এই কর্মসূচিকে ঘিরে ঘটতে পারে অপ্রীতিকর পরিস্থিতি। আর এসব এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২ টা পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভা ও আশপাশের এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় গণমাধ্যমকে বলেন, ‘উপজেলা যুবলীগের দুই গ্রুপ একই স্থানে একই সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আহ্বান করে। এতে পৌরসভার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির শংকা রয়েছে। সেকারণে যে কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুর ১টা থেকে রাত ১২ টা পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভা ও আশপাশের এলাকাজুড়ে বলবৎ থাকবে।’
উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহজাহান ও মোহাম্মদ সেলিম একই সময়ে একই স্থানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আয়োজন করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়াকে দুই কর্মসূচিতেই প্রধান অতিথি করা হয়। ফলে মঙ্গলবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষই পাল্টাপাল্টি শোডাউনের প্রস্তুতি নিতে থাকে। তাই বাধ্য হয়ে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
জানতে চাইলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দন মাহমুদ সোহেল গণমাধ্যমকে বলেন, ‘সীতাকুণ্ড উপজেলা প্রশাসন থেকে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়ে মৌখিক নির্দেশনা পেয়েছি। তবে এখনো কোনও অফিস অর্ডার পাইনি। এরপরও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
বাংলাধারা/এফএস/এআর













