১১৫ দিন পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টায় যানটি হরমুজ অতিক্রম করে বলে জানিয়েছেন বাংলাদেশে শিপিং করপোরেশনের (বিএসসি) এমডি কমডোর মাহমুদুল মালেক।
এর আগে সোমবার বাংলার জয়যাত্রা হরমজ পাড়ি দিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অনুমোদন পায় বলে জানিয়েছেন বিএসসির আরেক কর্মকর্তা।
অনুমতি পাওয়ার পর বাংলাদেশ সময় সোমবার সকালে বাংলার জয়যাত্রা শারজাহ বন্দরের বহির্নোঙর থেকে ৮০ নটিক্যাল মাইল দূরের হরমুজ প্রণালির চ্যানেলের দিকে রওনা হয়।
সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটের দিকে জাহাজের অবস্থান নির্দেশক ওয়েবসাইট ‘ভেসেল ফাইন্ডার’ এ বাংলার জয়যাত্রার অবস্থান দেখাচ্ছিল ইরানের কেশম দ্বীপ ও ওমানের বন্দর শহর খাসাব এর মধ্যবর্তী অংশে হেনগাম দ্বীপের সমান্তরালে। তখন জাহাজের গতি ছিল ৬ দশমিক ৬ নটিক্যাল মাইল।
এরপর সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটের দিকে ‘ভেসেল ফাইন্ডার’ এ দেখা যায়, ‘বাংলার জয়যাত্রা’ হেনগাম দ্বীপ অংশ অতিক্রম করে এগিয়ে গেছে। তখন জাহাজের গতিবেগ ছিল ৭ দশমিক ১ নটিক্যাল মাইল।














