বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেছেন। এ সময় গভর্নর গ্রাহকরা যাতে চাহিদা মতো অর্থ উত্তোলন করতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অবহিত করেন, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংক পিএলসির তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।
এ প্রেক্ষাপটে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসির সব আমানতকারীর চাহিদা অনুযায়ী আমানত উত্তোলন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন গভর্নর।
আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা যাতে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেন তিনি।












