১৫ এপ্রিল ২০২৬

৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি

বাংলাধারা ডেস্ক »  

করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। এ বিষয়ে আজ আদেশ জারি হবে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন

সচিব বলেন, করোনাভাইরাসের কারণে অনির্ধারিত এক মাসের বেশি বন্ধ রয়েছে। বর্তমানে বার্ষিক শিক্ষাপঞ্জি হিসেবে রোজার ছুটি শুরু হয়েছে। এরপর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। সব মিলে আগামী ৩০ মে’ পর সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

তিনি বলেন, এ বিষয়ে আজ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

এর আগে সোমবারের সরকারি ছুটির আদেশে বলা হয়, ৭ থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বৌদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। এর আগে গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তা বাড়িয়ে ১৬ মে করা হলো।

উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর প্রথম গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় ছুটি বাড়ানো হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন