হাটহাজারী প্রতিনিধি »
দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে বড়শি দিয়ে মাছ ধরার প্রচেষ্টার কারণে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শনিবার রাতে উপজেলা উত্তর মাদার্শা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহমতগোনা এলাকা থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নির্মল বল্লভ (৪৬) বরিশালের উজিরপুর উপজেলার পীরের পাড়ের জল্লা এলাকার মৃত শ্রীচরন বল্লভের ছেলে। বর্তমান তিনি বাকলিয়ার নতুন ব্রীজে থাকেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম জানান, হালদায় মা মাছ ডিম ছাড়ার মৌসুমে উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতগোনা এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করি।
এসময় তার সাথে থাকা নৌকা জব্দ করে এতে মা মাছসহ বড় মাছ আটকের নানান সরঞ্জাম উদ্ধার করা হয়। আনুমানিক ৩০০ বড়শি, সুতা, মাছ ধরার খাবারসহ বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম আটক করা হয়। জানা যায়, মা মাছের আনাগোনা বাড়লে প্রায়ই এমন শিকারীদের উৎপাত বেড়ে যায়।






