২২ অক্টোবর ২০২৬

নতুন বই পেয়ে খুশি চট্টগ্রামের শিক্ষার্থীরা

বাংলাধারা ডেস্ক »

বছরের প্রথমদিন বিনামূল্যে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা চট্টগ্রামের প্রাক-প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।

রবিবার (১ জানুয়ারি) সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন পাঠ্যবই।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ উপজেলার বিভিন্ন স্কুলেও চলছে বই উৎসব। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুশি।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৪৩ হাজার ৪৮১ জন। এসব শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি। এ পর্যন্ত মাধ্যমিকে পাওযা গেছে ৫৮ লাখ ৫৪ হাজার ৪৬১টি বই। মাদ্রাসায় প্রাপ্ত বইয়ের সংখ্যা ২৯ লাখ ৮৭ হাজার ৪১টি। সর্বমোট প্রাপ্ত বইয়ের সংখ্যা ৮৮ লাখ ৪১ হাজার ৫০২টি। ৫৫ দশমিক ৯৯ শতাংশ বই বিদ্যালয়ে পৌঁছেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, চট্টগ্রামের ৪ হাজার ৩৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৮২ হাজার। এসব শিক্ষার্থীর বিপরীতে বইয়ের চাহিদা ৪৫ লাখ ২২ হাজার ১০৯টি। চাহিদার বিপরীতে বই এসেছে প্রায় ১৫ লাখ। চট্টগ্রাম জেলায় প্রাথমিকের বই সরবরাহ হয়েছে ২৬.৩ শতাংশ।

জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী বলেন, প্রতিদিনই বই আসছে। শনিবার পর্যন্ত ৫৮ শতাংশ বই এসেছে। চাহিদার বিপরীতে অবশিষ্ট বইগুলো দ্রুত চলে আসবে।

আরও পড়ুন