৪ ফেব্রুয়ারি ২০২৬

বান্দরবান-৩০০ আসন: রাজপুত্র সাচিং প্রু জেরীর প্রচারণা, আলীকদমে জনতার ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের আলীকদম বাজার এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, পাহাড়ি ও বাঙালি সব সম্প্রদায়কে সঙ্গে নিয়েই বান্দরবানের সার্বিক উন্নয়ন করাই তার মূল লক্ষ্য। তিনি দাবি করেন, তার পরিবার কিংবা তিনি নিজে কখনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। জেলা পরিষদের দায়িত্বে থাকাকালে ম্রোসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ধাপে ধাপে চার কোটি নারীকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং দেশের সকল কৃষকের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

জনসভায় বক্তব্য প্রদানকালে অন্যান্য নেতারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছে। তারা আরও বলেন, রাজপুত্র সাচিং প্রু জেরীর বিরুদ্ধে কোনো দুর্নীতি, দখল কিংবা নির্যাতনের অভিযোগ নেই। দায়িত্বে থাকাকালে তিনি ঘুষবিহীন প্রশাসনিক ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছিলেন।

জনসভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আব্দুল মাবুদ ও মশিউর রহমান মিটন, বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত সেন, জেলা কৃষকদলের সভাপতি এয়াজুল হক রিপন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা ছাত্রদলের সভাপতি আবু বকরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আলীকদম বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সভা চলাকালে আলীকদম থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ