বাংলাধারা প্রতিবেদ »
নগরীর চাক্তাই খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সোমবার (২২ জুলাই) সকালে চাক্তাই খালের বহদ্দারহাট পুলিশ বক্স অংশ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। বহুতল ভবনসহ ছোটবড় মিলে নগরীর এ গুরুত্বপূর্ণ খালে ১৮০টি অবৈধ স্থাপনা রয়েছে।
এরমধ্যে একতলা থেকে বহুতল ভবন রয়েছে ৫৬টি, ৫৩টি টিনশেড স্থাপনা, ৪০টি কাঁচা ঘর ও ৩১টি সেমিপাকা ঘর রয়েছে বলে জানায় সিডিএ। চাক্তাই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বামন শাহী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সিডিএ সূত্র জানায়, এই ১৩টি খালে মোট অবৈধ স্থাপনা রয়েছে ৮৬৬টি। এরমধ্যে সবচেয়ে বেশি অবৈধ স্থাপনা রয়েছে ফইল্ল্যাতলী বাজারের গয়নাছড়া খালে। এই খালে অবৈধ স্থাপনা হচ্ছে ২১০টি। চাক্তাই খালে অবৈধ স্থাপনা ১৮০টি, নোয়া খালে ৮৬টি, ডোমখালী খালে ৭২টি, বির্জা খালে ৬১টি, ত্রিপুরা খালে ৫৭টি, খন্দকিয়া খালে ৪৫টি, টেকপাড়া খালে ৩৯টি, বামন শাহী খালে ২৮টি, মহেশখালী ও মরিয়ম খালে ২৬টি করে অবৈধ স্থাপনা রয়েছে।
এছাড়া, মহেশ খালে ২৫টি এবং রাজাখালী-২ খালে ১১টি অবৈধ স্থাপনা রয়েছে। উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্পের’ অংশ হিসেবে খালের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
চলতি মাসের দুই তারিখ রাজাখালী (১) খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু করে সিডিএ।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ












