১৯ ফেব্রুয়ারি ২০২৬

আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার

আনোয়ারাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আশপাশের আরও কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ২ নম্বর বরশত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদ্রাসা বড় বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন বড় বাড়ি এলাকার মৃত সোলায়মানের ছেলে মো. আবুল কামাল। আগুনে তাঁর ঘরের আসবাবপত্র, ব্যবহার্য জিনিসপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘মসজিদের মাইকে আগুনের সংবাদ শুনে ঘুম ভাঙে। সবাই মিলে টিন খুলে উপরে উঠে পাইপ আর বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি। না করলে আগুন আরও ছড়িয়ে পড়ত।’

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে রাস্তা সরু হওয়ায় একটি ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। অন্য ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পুরো উদ্ধারকাজে প্রায় ৩০ মিনিট সময় লাগে।

বরশত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল উদ্দীন বলেন, ‘আগুন লাগার খবর শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারটি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আমি বিষয়টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে জানাবো, যাতে দ্রুত সরকারি সহায়তা দেওয়া যায়।’

আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল্লাহ বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি আনুমানিক এক লাখ টাকা এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে। স্থানীয়দের দ্রুত সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।’ এ সময় স্থানীয়দের অগ্নিপ্রতিরোধ ও নির্বাপন বিষয়ক সচেতনতা তৈরিতে উদ্বুদ্ধ করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ