৭ মার্চ ২০২৬

ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ২১৭

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৭৯৮ জন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর থেকে দেশটিতে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে ১২৩ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে প্রায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। হাজার হাজার সিরীয় শরণার্থী সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফিরে গেছেন বলেও জানিয়েছে তারা।

শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘বড় মানবিক জরুরি অবস্থা’ হিসেবে চিহ্নিত করেছে ইউএনএইচসিআর।

গত সোমবার ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর পর ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে বিমান হামলা শুরু করে।

এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়ে বলেছেন, লেবানন এখন এক বিপজ্জনক মুহূর্তের মুখোমুখি এবং পরিস্থিতি অত্যন্ত গুরুতর, যেখানে একটি মানবিক বিপর্যয় আসন্ন।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, হিজবুল্লাহ অনমনীয় অবস্থানে রয়েছে। তারা লেবাননের সীমান্ত বরাবর ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় এই সংঘাত কেবল বৃদ্ধি পেতেই দেখা যাচ্ছে।

আরও পড়ুন