হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নামের এ কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে বাইকে থাকা তানভির নামের একজনও।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলায় ইছাপুরস্থ সত্তারঘাট এলাকার হাটহাজারী-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সাজ্জাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার আয়নাবাপের বাড়ির শামসুল আলমের পুত্র। সে পেশায় একজন পৌরসভার একটি মোবাইল ফোন দোকানের কর্মচারী ছিলো।
জানা যায়, সোমবার দিবাগত রাতে দুই বন্ধু সাজ্জাদ ও তানভির মোটরসাইকেল নিয়ে উল্লেখিত সত্তারঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় তাদের বহনকারী মোটরসাইকেলটি (চট্ট মেট্টো ল ১৮-৮৪৫৫) এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারা।
পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সাজ্জাদ কে মৃত ঘোষণা করেন এবং অপর আরোহী তানভিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন।












