২৭ অক্টোবর ২০২৬

আদালতের আদেশে আলামত ধ্বংস

চট্টগ্রামে কুকি-চিনের জন্য তৈরি পোশাকে আগুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার একটি সন্ত্রাসবিরোধী মামলায় জব্দ করা বিপুল পরিমাণ পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। বুধবার (৬ মে) নগরের মনসুরাবাদ পুলিশ লাইন্সে এসব পোশাকে আগুন দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, তদন্তে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে— পোশাকগুলো পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিন আর্মির জন্য প্রস্তুত করা হয়েছিল। এ কারণে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে আদালতের নির্দেশ অনুযায়ী সেগুলো ধ্বংস করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তকালে মোট ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক জব্দ করা হয়।

দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ আলামত সংরক্ষণে নিরাপত্তা ঝুঁকি ও স্থানসংকট দেখা দিলে তদন্ত কর্মকর্তা আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চান।

আবেদনের পর আদালত বিষয়টি পর্যালোচনা করে ১০০ পিস পোশাক নমুনা হিসেবে সংরক্ষণের নির্দেশ দেন। পাশাপাশি অবশিষ্ট ৩১ হাজার ৬৭৫ পিস পোশাক যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের আদেশ দেওয়া হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশীদ বলেন, ‌‘এ ধরনের বিপুল আলামত দীর্ঘদিন সংরক্ষণ করলে অপব্যবহারের ঝুঁকি থাকে। আদালতের নির্দেশে সময়মতো ধ্বংসের মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো হয়েছে।’

তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে পরিবেশসম্মত উপায়ে পোশাকগুলো ধ্বংস করা হয়েছে। সংরক্ষিত নমুনাগুলো সিলগালা করে আদালতের মালখানায় জমা রাখা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ