খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাঁটির সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ি জেলার সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের সংগঠনের সদস্য। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফের প্রসিতপন্থি গ্রুপকে দায়ী করেছেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘একজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার ও তদন্তের পর বিস্তারিত জানানো হবে।’














