নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি অঞ্চলে বাংলাদেশ কালচারাল সোসাইটি ক্যান্টারবেরির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত রোববার ক্রাইস্টচার্চ শহরের ওয়াইমারি রোড কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও সান্ধ্য ভোজ।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ষবরণ উপলক্ষে পুরো হল রঙিন কাগজ, ব্যানার এবং শিশুদের আঁকা ছবি দিয়ে সাজানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম আকরামুল কবির ও মৌসুমী আক্তার। শুরুতে অতিথি ও উপস্থিত দর্শকদের স্বাগত জানানো হয়। পরে সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত এবং শিশু শিল্পীদের পরিবেশনায় নিউজিল্যান্ডের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
বাংলা নববর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বাংলা নববর্ষ কীভাবে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে তা তুলে ধরা হয়।
এসময় বাংলাদেশ কালচারাল সোসাইটি ক্যান্টারবেরির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সাংস্কৃতিক প্রতিনিধি আসিবুর রহমান। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিশু-কিশোররা। আয়োজনে নেতৃত্ব ও দায়িত্ব পালন করেন এস. এম. আকরামুল কবির, মো. হেলাল উদ্দিন, জুয়েল আইচ, কণকচাঁপা কায়স্থগীর, মুনতাহা কারিনা ও আসিবুর রহমান।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলা নববর্ষ উদযাপন প্রবাসী বাংলাদেশিদের শিকড়ের সঙ্গে গভীর সংযোগের এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে। নানা ব্যস্ততা ও ভিন্ন সংস্কৃতির মাঝেও প্রবাসীরা আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন। ঐতিহ্যবাহী পোশাক, বাংলা গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে পরিচিত করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ অনুষ্ঠান।














