মন্ত্রিপরিষদ সম্প্রসারণে নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং মন্ত্রণালয়গুলোর চাপ কমাতে খুব শিগগিরই মন্ত্রিসভায় পাঁচ নতুন মুখ যুক্ত হতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, নতুনদের মধ্যে একজন টেকনোক্র্যাটও থাকছেন। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্তও আসতে পারে চলতি মাসেই।
সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি বৃদ্ধি এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতেই মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন মুখ হিসেবে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেনের নামও শোনা যাচ্ছে। টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নাম নিয়েও আলোচনা চলছে।
সূত্রগুলো আরও জানায়, কৃষি ও প্রাণিসম্পদ, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস করা হতে পারে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছেন তা ইতোমধ্যে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। ভবিষ্যতে যেকোনো সম্প্রসারণ বা পরিবর্তনও দেশ ও সরকারের স্বার্থ বিবেচনায় করেই করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’














