চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (১০ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৯ মে রাত ১০টার দিকে কর্ণফুলী নদী–সংলগ্ন কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরির পাশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম।
অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-০৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ও.টি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করা হয়।
পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধভাবে তেল মজুদ, চুরি ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














