২৩ অক্টোবর ২০২৬

খানাখন্দ-অবৈধ দখলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের শঙ্কা

ঢাকা ঢাকা-চট্টগ্রাম

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ, অবৈধ স্থাপনা, পশুর হাট, যানবাহনের অবৈধ পার্কিং এবং অনিয়ন্ত্রিত যান চলাচলকে সম্ভাব্য দুর্ভোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সাম্প্রতিক টানা বৃষ্টিতে কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এতে স্বাভাবিক গতিতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ঈদের সময় অতিরিক্ত যানবাহনের চাপ বাড়লে এই অংশে দীর্ঘ যানজটের আশঙ্কা রয়েছে।

মেঘনা সেতুর টোল প্লাজা সূত্র জানায়, সাধারণ সময়ে প্রতিদিন ১৮ থেকে ২২ হাজার যানবাহন এই মহাসড়ক ব্যবহার করে। সাপ্তাহিক ছুটির দিনে তা বেড়ে ২৬ থেকে ৩০ হাজারে পৌঁছায়। তবে ঈদকে কেন্দ্র করে যানবাহনের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে যায়। টোল আদায়ে ধীরগতির কারণে তখন দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বাসচালকরা বলছেন, কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় অনিয়ন্ত্রিত বাস থামানো, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার চলাচলের কারণে যানজট আরও তীব্র হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‌‘ঈদের আগেই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কের খানাখন্দ মেরামত করা হবে।

এদিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মহাসড়কের পাশে আবারও অবৈধ স্থাপনা ও বাজার গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। স্থানীয় সূত্র জানায়, টাইগার রিরোলিং মিলের পরিত্যক্ত মাঠে এবারও কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে। গত ৫ এপ্রিল উচ্ছেদ অভিযান চালানোর পরও ফের সড়কের পাশ দখল হয়েছে।

সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আহসান উল্ল্যাহ মজুমদার জানান, শিমরাইল, সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও যানজটের শঙ্কা রয়েছে। মহাসড়কের পাশে মালবাহী ট্রাক পার্কিং, বাজার বসানো এবং উল্টো পথে যান চলাচলকে বড় সমস্যা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, ইউটার্ন ব্যবহার করে উল্টো পথে গাড়ি চলাচলের কারণেই যানজট সৃষ্টি হয়। বিশেষ করে তিন চাকার যানবাহনগুলো এ ক্ষেত্রে বড় সমস্যা। ঈদের সময় এগুলো নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা অংশেও কয়েকটি পশুর হাট, খানাখন্দ এবং সড়কের পাশের দখলকে সম্ভাব্য ভোগান্তির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সওজের প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ২৪ মে অফিস শেষে শুরু হবে ঈদের ছুটি। ফলে স্বল্প সময়ে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ঈদের আগে ছুটি কম থাকলে শেষ মুহূর্তে মহাসড়কে অতিরিক্ত চাপ তৈরি হয় এবং ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের।

আরও পড়ুন