২৩ অক্টোবর ২০২৬

বাসি খাবার, নোংরা রান্নাঘর— কাচ্চি ডাইন, সিজলকে জরিমানা

রান্নাঘর অপরিচ্ছন্ন, ডিপ ফ্রিজে দিনের পর দিন রাখা বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন স্টিকার লাগিয়ে বিক্রি— চট্টগ্রাম নগরীর পরিচিত খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ডাউন, সিজ্জল ও লেমন গ্রাস রেস্টুরেন্টসহ চার প্রতিষ্ঠানে এমন অনিয়মের চিত্র উঠে এসেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা এসব অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) নগরীর আগ্রাবাদ ও মোহরা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ অংশ নেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিমও অভিযানে সহায়তা করে।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে আগ্রাবাদের লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে কাচ্চি ডাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে নগরীর মোহরা এলাকায় পৃথক অভিযানে বাসি বার্গার ও মগলাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি, মেয়াদবিহীন দই বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে মোহরা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীর ওপর পুরোনো স্টিকার তুলে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগে সিজ্জলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরও পড়ুন