চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। বৃহস্পতিবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর সংশোধনী এবং ২০২৪ সালের ২৩ অক্টোবর প্রণীত অধ্যাদেশ অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী এক)বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে যোগদানের আগে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানের সাথে যাবতীয় কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে বলা হয়েছে।
সেলিম মো. জানে আলমের কর্মজীবন শুরু হয়েছিল ১৯৯৬ সালে। মালয়েশিয়ার হং লিওং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আলিতা (বিডি) লিমিটেডে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে। চার বছরের বেশি সময় সেখানে কাজ করে তিনি নিজের ক্যারিয়ারের ভিত মজবুত করেন।
এরপর সেলিম অ্যান্ড অ্যাসোসিয়েটসে কনসালটেন্ট হিসেবে পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করেন। তারপর যোগ দেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডে, পরিচিতি ইপিইসি নামে। সেখানে প্রথমে নির্বাহী পরিচালক হিসেবে দশ বছর, তারপর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নয় বছরেরও বেশি সময় কাজ করেছেন।
পানি সরবরাহ, স্যানিটেশন ও অবকাঠামো উন্নয়ন, এই তিনটি খাতে তাঁর দীর্ঘ পথচলা তাঁকে এই পদের জন্য উপযুক্ত করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লায় জন্ম নেওয়া সেলিম মো. জানে আলম পড়াশোনায়ও পরিশ্রমী ছিলেন। ভারেল্লা শাহ নুরুদ্দীন হাই স্কুল থেকে মাধ্যমিক, কুমিল্লা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা নেন। তারপর ১৯৯৫ সালে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
পেশাদার মঞ্চেও তাঁর পরিচিতি বিস্তৃত। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ফেলো, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বর্তমান সভাপতি। এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নিয়োগের খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেছেন, ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান সম্প্রসারণ তাঁর মূল লক্ষ্য। এসডিজি অর্জনে জনবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং পরিচালন ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর কথাও বলেছেন তিনি।
কথাগুলো শুনতে পরিচিত লাগলেও চট্টগ্রামের মানুষ এখন দেখতে চাইবেন বাস্তবে কী বদলায়। পানির সংকট, সেবার মান, দুর্নীতির অভিযোগ, এই পুরনো সমস্যাগুলো নতুন এমডির কাছে পুরনো চ্যালেঞ্জ হিসেবেই অপেক্ষা করছে।
২৮ বছরের অভিজ্ঞতা আর নতুন প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রাম ওয়াসার কাণ্ডারি হিসেবে যাত্রা শুরু করছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। চট্টগ্রামের মানুষ এখন অপেক্ষায়, কথা নয়, কাজে কতটা বদলায় তাদের পানির জীবন।
চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ পূর্ণাঙ্গ এবং দীর্ঘকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে এই পদ থেকে অপসারণ করে। প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর ধরে মোট ৮ বার নিয়োগ পেয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।














