দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আনন্দে ভাসছে কক্সবাজারের পেকুয়া উপজেলা। উপজেলাটিকে নবগঠিত পৌরসভা হিসেবে ঘোষণা করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল ১০টায় পেকুয়া সদরে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান বাহাদুর শাহ। এসময় শাহনেওয়াজ মেম্বার, মোসলেম উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
নেতাকর্মীরা পেকুয়ার সন্তান, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, পেকুয়াকে পৌরসভায় উন্নীত করা “কক্সবাজারের রূপকার” সালাউদ্দিন আহমদের দূরদর্শী নেতৃত্বের ফল।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাহাদুর শাহ বলেন, ‘আগামীর পেকুয়া পৌরসভা হবে একটি সুশৃঙ্খল ও মডেল পৌরসভা। জনগণের প্রত্যাশা পূরণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘পেকুয়াবাসীর আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে পৌরসভার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।’
স্থানীয়রা জানান, পৌরসভা গঠনের ফলে নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান আরও বাড়বে বলে তারা আশাবাদী। নবগঠিত পৌরসভাকে ঘিরে এখন পেকুয়াজুড়ে উৎসবের আবহ বিরাজ করছে।














