২৩ অক্টোবর ২০২৬

চিটাগাং চেম্বার নির্বাচন আজ, ১৮ পদে লড়বেন ৫৩ প্রার্থী

শতবর্ষী ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ আজ শনিবার (২৩ মে) অনুষ্ঠিত হবে। নগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট— দুই ক্যাটাগরিতে মোট ৬ হাজার ৭৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের রায়ে ৫৩ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১৮ জন পরিচালক।

নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ৩৮ জন প্রার্থী ১২টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে অ্যাসোসিয়েট গ্রুপে ৬টি পদের জন্য লড়ছেন ১৫ জন প্রার্থী। চেম্বারের নতুন নেতৃত্ব নির্ধারণে ব্যবসায়ী মহলে নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

শুক্রবার বিকেলে চেম্বার প্রশাসক মো. মোতাহার হোসেন, নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনোয়ারা বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকি করেন।

চট্টগ্রাম চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ভোটারদের অবশ্যই চেম্বার প্রদত্ত ভোটার আইডি কার্ড সঙ্গে আনতে হবে। অর্ডিনারি গ্রুপের ভোটাররা সর্বোচ্চ ১২টি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ভোটাররা ৬টি পর্যন্ত ভোট দিতে পারবেন। নির্ধারিত সংখ্যার কম বা বেশি ভোট দিলে সেই ব্যালট বাতিল বলে গণ্য হবে। এছাড়া ব্যালট পেপার ভাঁজ করাও নিষিদ্ধ করা হয়েছে।

চেম্বার নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন বাণিজ্যিক এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও এসএমএসের মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

আরও পড়ুন