২৩ অক্টোবর ২০২৬

‘দল যার যার, চেম্বার সবার’— ঐক্যের বার্তা আমিরুল হকের

রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আমিরুল হক। দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মর্যাদা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ‘দল হবে যার যার, চেম্বার হবে সবার’।

সোমবার (২৫ মে) চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডিয়াম নির্বাচনে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত হওয়ার পর দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিরুল হক বলেন, ‘চেম্বার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এখানে সবাই ব্যবসায়ী সমাজের প্রতিনিধি। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ব্যবসা ও অর্থনীতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

নিজের দায়িত্ব পালনে নৈতিক অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘যতদিন মর্যাদা ও ডিগনিটির সঙ্গে চেয়ার পরিচালনা করতে পারবো, ততদিন থাকবো। যেদিন মনে হবে আমি প্রশ্নবিদ্ধ হয়ে গেছি, সেদিন নিজেই চেয়ার ছেড়ে দেবো।’

তরুণ উদ্যোক্তা ও নারী ব্যবসায়ীদের সম্পৃক্ত করে একটি রিফর্ম কমিটি গঠনের পরিকল্পনার কথাও জানান নবনির্বাচিত সভাপতি। তিনি বলেন, নতুন প্রজন্মকে নেতৃত্বে আনতে না পারলে ব্যবসা ও শিল্পখাত এগোবে না।

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে আমিরুল হক বলেন, ‘এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আইটি ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না। শুধু কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হবে।’

চেম্বারের সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কোনো সমালোচনা থাকলে প্রকাশ্যে না এনে সরাসরি আমাকে বলবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর সবার কাছে থাকবে, ২৪ ঘণ্টা যোগাযোগ করতে পারবেন।’

চট্টগ্রামের শিল্পখাতের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একসময় চট্টগ্রামে ৬৫০টি গার্মেন্টস কারখানা থাকলেও বর্তমানে তা ২৫০টিতে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিল্পখাতকে টিকিয়ে রাখতে বাস্তবমুখী সিদ্ধান্ত প্রয়োজন। শিপ ব্রেকিং শিল্প নিয়েও নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।’

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই বলেও জানান আমিরুল হক। তার ভাষায়, ‘একজন ব্যবসায়ীর মূল কাজ ব্যবসা ও অর্থনীতি নিয়ে কাজ করা। তবে চেম্বারে আসার পর সবাই এক পরিচয়ের— আমরা সবাই ব্যবসায়ী সমাজের মানুষ।’

অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন চৌধুরীও বক্তব্য দেন। এসময় নবনির্বাচিত পরিচালকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন