২৩ অক্টোবর ২০২৬

‘র‌্যাবের চেয়ে শক্তিশালী নয় ইয়াসিন বাহিনী’— সলিমপুর হামলায় কড়া বার্তা ডিজির

চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কড়া বার্তা দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। তিনি বলেছেন, ‘ইয়াসিন বাহিনীর শক্তি র‌্যাবকে কখনোই অতিক্রম করতে পারবে না।’

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, ‘কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণে’ জঙ্গল সলিমপুরে হামলার ঘটনা ঘটেছে।

আহসান হাবীব পলাশ বলেন, ‘র‍্যাবের ক্যাম্পে মূলত কোনো হামলা হয়নি। আমরা নতুন একটি ক্যাম্প করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, সেখানে তারা অতর্কিত হামলা করেছে। এর পেছনে আমাদেরও কিছু অসাবধানতা বা দুর্বলতা ছিল। তবে ইয়াসিনবাহিনী বা অন্য কেউ র‍্যাবের চেয়ে শক্তিশালী হওয়ার কোনো সুযোগ নেই। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আর সেখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

এর আগে রোববার দিবাগত গভীর রাতে সীতাকুণ্ডের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় ক্যাম্পে ভাঙচুর, গুলিবর্ষণ এবং অভিযানের পথ বন্ধ করতে পাঁচটি প্রধান সড়ক কেটে ফেলার অভিযোগ ওঠে। এতে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, শতাধিক সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালায়। হামলার সময় ডাম্পট্রাক, ট্রাক ও এক্সকাভেটর ব্যবহার করে রাস্তা কেটে ফেলা হয়, যাতে বাহিনীর যানবাহন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে। স্থানীয়দের ভাষ্য, পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। ধারাবাহিক অভিযানের কারণে তারা এখন কোণঠাসা হয়ে মরিয়া আচরণ করছে।’

তিনি জানান, হামলাকারীরা আলীনগর স্কুলে স্থাপিত ক্যাম্পকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির মুখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ডাম্পট্রাক, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং অন্তত ১৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘হামলার পর অতিরিক্ত র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করে পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। হামলায় ক্যাম্পটির প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৫০ জন সদস্য দায়িত্ব পালন করছিলেন। দেশীয় অস্ত্রের পাশাপাশি একে-৪৭ ধরনের অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে।’

আরও পড়ুন