পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর ও জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলা পুলিশ। ঈদের ছুটিতে নগরবাসীর নিরাপদ যাতায়াত, পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং ফাঁকা বাসাবাড়িতে চুরি-ডাকাতি ঠেকাতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্র জানায়, ঈদের ছুটিতে অনেক পরিবার গ্রামের বাড়িতে চলে যাওয়ায় আবাসিক এলাকায় চুরি ও ডাকাতির ঝুঁকি বেড়ে যায়। এ কারণে নগরের বিভিন্ন আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, পশুর হাট, বিপণিবিতান ও জনসমাগমস্থলে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
ঈদ উপলক্ষে নগরের বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতের বেলায় আবাসিক এলাকায় মোটরসাইকেল ও পেট্রোল টিমের টহল বৃদ্ধি করা হয়েছে, যাতে সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় হতে না পারে।
পুলিশ কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য পেলে দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএমপি কর্মকর্তারা জানান, কোরবানির পশুর হাটগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকা শনাক্তকরণ, পকেটমার ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে বিশেষ টিম কাজ করছে। নগদে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ব্যাংক থেকে অর্থ পরিবহনে পুলিশি সহায়তাও নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোরবানির পশুর হাট, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোট প্রতিরোধ এবং সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ঈদের ছুটিকালীন সময়ে আবাসিক এলাকাসমূহের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরিচিত ব্যক্তি কিংবা সন্দেহজনক কোনো চলাফেরা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করছি।’
অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকেও উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, হাট ও গ্রামীণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। ঈদের ছুটিতে ফাঁকা বাড়িগুলোতে নজরদারি রাখতে বিট পুলিশিং কার্যক্রম বাড়ানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং সদস্যদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘ঈদের ছুটিতে বাসা ফাঁকা রেখে গেলে দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখতে এবং মূল্যবান সামগ্রী নিরাপদে সংরক্ষণ করতে হবে। যেকোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে।’














