পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ ময়দানে। মুসল্লিদের সুবিধার্থে এবার দুটি জামাতের সময় নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়।
মঙ্গলবার (২৬ মে) জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকালে এ তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে মুসল্লিদের নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
চসিক সূত্র জানায়, প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। নিচে কার্পেটিং এবং ওপরে টারপলিন দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি হলেও জামাতে কোনো সমস্যা না হয়। এছাড়া মাঠজুড়ে ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক ও নিরাপত্তার জন্য ৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে।
মেয়র জানান, প্রতিবছরের মতো এবারও ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির কথা বিবেচনায় রেখে দুটি জামাতের আয়োজন করা হয়েছে। বৃষ্টির কারণে মাঠে নামাজ আদায়ে সমস্যা হলে মসজিদের ভেতরে নামাজ পড়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।














