২৩ অক্টোবর ২০২৬

গরমে স্বস্তির খোঁজে ফয়’স লেকে দর্শনার্থীর ভিড়

প্রচণ্ড গরমে যখন নগরজীবন হয়ে উঠেছে হাঁসফাঁস, তখন ঈদের দীর্ঘ ছুটিতে একটু স্বস্তি আর নির্মল আনন্দের খোঁজে দর্শনার্থীদের জন্য প্রস্তুত ফয়’স লেক কমপ্লেক্স। পাহাড়, হ্রদ আর সবুজ প্রকৃতির স্নিগ্ধ পরিবেশের পাশাপাশি থাকছে ওয়াটার পার্ক, রোমাঞ্চকর রাইডস, অ্যাডভেঞ্চার কার্যক্রম ও বিশেষ বিনোদন আয়োজন।

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সবুজ প্রকৃতি, স্বচ্ছ হ্রদের জলরাশি এবং পাহাড়ঘেরা মনোরম পরিবেশে সময় কাটানোর অনন্য সুযোগ রয়েছে এখানে।

প্রকৃতির কোলে গড়ে ওঠা এই বিনোদনকেন্দ্রে রয়েছে অত্যাধুনিক রাইডস, দৃষ্টিনন্দন ওয়াটার পার্ক, অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বেইসক্যাম্প এবং দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য রিসোর্ট ও বাংলোর সুব্যবস্থা।

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক
সব বয়সী মানুষের জন্য নানা আয়োজন রয়েছে ফয়’স লেক কনকর্ডে। পুরো পার্কজুড়ে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক বিনোদনের সমাহার। নতুন সংযোজিত রাইডগুলোর মধ্যে রয়েছে টর্নেডো ৩৬০ ডিগ্রি, এয়ারবর্ন শট, ফ্লাইং বাস, স্কাই হুপার, হ্যাপি ক্যাঙ্গারু ও সান-মুন। এছাড়া বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ফেরিস হুইল ও অ্যাপোলো ফ্লাইট দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেবে।

শিশু-কিশোরদের জন্য রয়েছে হ্যাপি জাম্প, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন, কিডল টাওয়ার ও বাম্পার বোটসের মতো আকর্ষণীয় রাইড। নির্দিষ্ট সময়ে লেক ভ্রমণের জন্য রয়েছে ইঞ্জিনচালিত নৌকা, প্যাডেল বোট ও কায়াকিংয়ের সুবিধা।

সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক
ফয়’স লেকের অন্যতম আকর্ষণ সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক। এখানে কৃত্রিম ঢেউয়ের আনন্দে মেতে উঠতে পারেন সব বয়সী দর্শনার্থী। ওয়াটার পার্কে রয়েছে ওয়েভ পুল, ফ্যামিলি পুল, মাল্টি স্লাইড, ডোম স্লাইড, ড্যান্সিং জোন ও শিশুদের জন্য বিশেষ চিলড্রেন জোন। দর্শনার্থীদের সুবিধার্থে পুরুষ ও নারীদের জন্য রয়েছে পৃথক চেঞ্জিং রুম। পার্কের ভেতরে রয়েছে গিফট শপ এবং একাধিক রেস্টুরেন্ট, যেখানে সহজেই পাওয়া যাবে দেশি-বিদেশি বিভিন্ন স্বাদের খাবার।

ফয়’স লেক রিসোর্ট
সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কসংলগ্ন ফয়’স লেক রিসোর্টে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আরামদায়ক কক্ষ। রিসোর্টের রেস্টুরেন্টে পরিবেশন করা হয় দেশি-বিদেশি নানা ধরনের সুস্বাদু খাবার। পরিবার নিয়ে নিরিবিলি ও আনন্দময় সময় কাটানোর জন্য এটি হতে পারে আদর্শ গন্তব্য।

ফয়’স লেক বেইসক্যাম্প
ফয়’স লেক কনকর্ডের ব্যতিক্রমী সংযোজন ফয়’স লেক বেইসক্যাম্প বিনোদনে যোগ করেছে নতুন মাত্রা। ভ্রমণপিপাসু ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এখানে রয়েছে ভিন্নধর্মী নানা আয়োজন। খোলা আকাশের নিচে আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, ট্রি-টপ অ্যাক্টিভিটি, কায়াকিং ও বোট রাইডের মতো রোমাঞ্চকর কার্যক্রম যে কোনো দর্শনার্থীকে মুহূর্তেই চাঙা করে তুলবে।

ঈদে বিশেষ আয়োজন
ঈদ উপলক্ষে ফয়’স লেক কনকর্ডে থাকছে বিশেষ বিনোদন কর্মসূচি। ঈদের দ্বিতীয় দিন থেকে সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে অনুষ্ঠিত হবে ডিজে শো, ড্যান্স শো ও ম্যাজিক শো।নৌভ্রমণপ্রেমীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি পুরো কমপ্লেক্সজুড়ে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সৌন্দর্যবর্ধনের কাজ।

কর্তৃপক্ষ আশা করছে, বিগত বছরের মতো এবারও ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটবে। তাই উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে ফয়’স লেক কমপ্লেক্স হতে পারে চট্টগ্রামের অন্যতম সেরা গন্তব্য।

আরও পড়ুন