৯ নভেম্বর ২০২৬

বিয়ের দেড় মাসের মাথায় বিষপানে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বিষপানে মোহাম্মদ পারভেজ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিয়ের মাত্র দেড় মাসের মাথায় ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত পারভেজ উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানিটিলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলম সওদাগরের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিষপান করার পর পারভেজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘পারভেজ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। রোববার তিনি বিষপান করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান।’

তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুন