১৬ সেপ্টেম্বর ২০২৬

দুই দশক পর কক্সবাজার সফর

১৪ ঘণ্টার ব্যস্ত সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টানা ১৪ ঘণ্টার ব্যস্ত কর্মসূচি নিয়ে আগামী ১৩ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ১৩ জুন সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশ্য থেকে কক্সবাজারের পথে রওনা হবেন এবং রাত ১০টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরবেন।

চারদলীয় জোট সরকারের সময় দলের নেতা হিসেবে কক্সবাজার সফরের প্রায় দুই দশক পর এবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জেলাটিতে যাচ্ছেন তারেক রহমান। এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভার মাঠ প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাব্য স্থান এবং কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সফরের সার্বিক প্রস্তুতি তদারক করতে ১২ জুন কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রধানমন্ত্রীর সফরসূচি বাস্তবায়নের বিষয়গুলো দেখভাল করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি সদর উপজেলার পিএমখালী এলাকায় যাবেন। সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা ঐতিহাসিক ‘পাতলীখাল’-এর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন।

এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্কে গিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।

সফরকালে জুলাই-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহিদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পেকুয়া পৌরসভার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

দুপুরে নামাজ, মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রামের পর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন ও সমুদ্র সৈকত ভ্রমণ করবেন। রাত ৮টায় কক্সবাজারের একটি হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে রাত ১০টার দিকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ স্থানীয় সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী বলেন, ‘প্রায় দুই দশক আগে দলের নেতা হিসেবে তারেক রহমান কক্সবাজারে এসেছিলেন। এবার তিনি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে আসছেন। ফলে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ অনেক বেশি।’

আরও পড়ুন