চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছ পড়ে মো. রুবেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল একই ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহত রুবেলের প্রতিবেশী হাসিব হাসান ও মাসুদ জানান, তিনি পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়েছিলেন। সেখানে অসাবধানতাবশত একটি গাছ তাঁর গায়ের ওপর পড়ে। এতে তিনি কোমর ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী জানান, ১১টার সময় মো. রুবেল নামের একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরে মিরসরাই থানার পুলিশ এসে লাশ থানায় নিয়ে যান।













