২৬ অক্টোবর ২০২৬

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

বৈষম্য, বিভেদ ও অসহিষ্ণুতার ঊর্ধ্বে উঠে মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেছেন, নজরুলের সাহিত্য ও সংগীতের চর্চা শিক্ষার্থীদের মধ্যে সাম্য, মানবতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তুলতে পারে। তাঁর আদর্শ অনুসরণ করে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন; তিনি সাম্য, মানবতা, প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীতে মানুষের অধিকার, মর্যাদা, স্বাধীনতা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান রয়েছে।

নতুন প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন সম্পর্কে জানতে হবে। তাঁর মানবতাবাদী চিন্তা নিজেদের জীবনে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে সৃজনশীলতা, মননশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।

বিশেষ করে মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের নজরুলের সাম্যের গান, হামদ, নাতসহ তাঁর সমৃদ্ধ সাহিত্য ও সংগীতের সঙ্গে পরিচিত হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

মীর হেলাল বলেন, নজরুলের সৃষ্টিকর্মে ধর্মীয় সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষা রয়েছে। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা পরিচয়ের ভেদাভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার এই শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

নতুন প্রজন্মের চিন্তা ও কাজে নজরুলের আদর্শের প্রতিফলন ঘটলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন