২২ সেপ্টেম্বর ২০২৬

লবণচাষীর মুখে হাসি ফোটাতে ন্যায্যমূল্যের আশ্বাস

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীতের ঘোষণা প্রধানমন্ত্রীর

পর্যটনের প্রাণের দাবি হিসেবে বিবেচিত কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবশেষে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি লবণের ন্যায্যমূল্য নিশ্চিতে করার কাজ চলছে বলেও ঘোষণা দেন তিনি। শনিবার (১৩জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনালে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, দুই যুগ আগে কক্সবাজারের যে সড়ক দেখে গিয়েছি তা এখনো তেমনই আছে- কোনো উন্নতি হয়নি। কিন্তু সময় বলছে, কক্সবাজারের উন্নয়নে নজর দেয়ার।

প্রধানমন্ত্রী বলেন, সদ্য উপস্থাপিত বাজেটের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান করা হবে। কিন্তু বাজেটের বিরোধিতা করছে বিরোধীদল। যারা বাজেটের বিরোধিতা করছে তারা বেকারদের কর্মসংস্থানের বিরোধিতা করছে। যারা সিগারেট মদের ওপর ট্যাক্স বাড়ানোর বিরোধীতা করছে তারা জনগণের জন্য রাজনীতি করে না।

তারেক রহমান বলেন, প্রথমদিনই আমি বলেছিলাম-আই হেভ এ প্ল্যান। দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ বেডে উন্নীত করা হবে এবং আগামী বাজেটে ৪২ লক্ষ ফ্যামিলি কার্ড ও ৪০ লক্ষ কৃষক কে কৃষি কার্ড দেয়া হবে। এসব কিছুই এ প্ল্যানের অংশ।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়ক ৬ লেনে উন্নত করা নির্বাচনের প্রতিশ্রুতি ছিলো, অন্যদিকে লবণ চাষীরা যাতে কেজি প্রতি নূন্যতম ১৫ টাকা দাম পায় সে ব্যবস্থা করার আহবান জানানোর পর প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি বক্তব্য রাখেন। মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জনসভায়।

এর আগে প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় কক্সবাজার জেলার দশম উপজেলা হিসেবে মাতামুহুরি উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন