২২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় আরশিনগর ফিউচার পার্কের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরযোগে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাক্টরের একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গেলে সাকিল সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দূর থেকে দেখি মহাসড়কে একটি ট্রাক্টর উল্টে পড়ে আছে। কাছে গিয়ে দেখি ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চালক মারা গেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

আরও পড়ুন