২২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আশিকুর রহমান

বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানকে রোববার (১৪ জুন) নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। পদোন্নতিপূর্বক তাঁকে প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করা হয়েছে।

মোহাম্মদ আশিকুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা ও সফলতার সাথে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংকিং সুপারভিশন, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট (সিবিএসপি), ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে এলায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুসন এর জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স কমিটিতে তিনি জুন ২০২৩-সেপ্টেম্বর ২০২৪ মেয়াদে ‘ভাইস চেয়ার’ হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এছাড়া, পেশাগত দক্ষতার অংশ হিসেবে তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ হতে ডিএআইবিবি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে কম্পিউটার এপ্লিকেশন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

পেশাগত দায়িত্ব পালন ও উচ্চতর প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ফিলিপিন, কম্বোডিয়া, এল সালভাদর, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে তিনি দক্ষিণ কোরিয়ায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আয়োজিত ‘Startup Ecosystem’, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক আয়োজিত ‘Portfolio Management’ এবং সুইজারল্যান্ডে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট আয়োজিত ‘Asset – Liability Management’ বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

মোহাম্মদ আশিকুর রহমান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

আরও পড়ুন