২২ সেপ্টেম্বর ২০২৬

এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২২

বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন চট্টগ্রামের ৩ কর্মকর্তা

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা, সৃজনশীলতা ও অসামান্য কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়েছে। এবারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম এবং যুগ্ম পরিচালক মো. জোবাইর হোসেন।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীত কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ২০২২ সালের কর্মদক্ষতা, নীতিমালা বাস্তবায়ন ও সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে কঠোর প্রশাসনিক মূল্যায়ন এবং চূড়ান্ত যাচাই-বাছাই শেষে এবারের পুরস্কারের জন্য ৯টি দলে বিভক্ত ৩৬ জন কর্মকর্তাকে মনোনীত করা হয়।

কর্মকর্তাদের অসামান্য অবদান (Outstanding Contribution) এবং চমৎকার পেশাদারিত্ব (Excellent Professionalism) প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ অভ্যন্তরীণ সম্মাননা হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

এবারের পুরস্কারে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসের তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার এ অর্জন প্রতিষ্ঠানটির জন্যও গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে গভর্নর মো. মোস্তাকুর রহমান পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নিষ্ঠা, অঙ্গীকার ও কঠোর পরিশ্রম বাংলাদেশ ব্যাংকের সামগ্রিক লক্ষ্য অর্জন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ভবিষ্যতেও সকল কর্মকর্তাকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাদের কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, নির্বাহী পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের পরিচালক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন