আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিশেষ মহড়া পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।
আগামী ১৭ জুন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে এ মহড়া অনুষ্ঠিত হয়।
সিএমপি সূত্র জানায়, কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত (SWAT), বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-৯ (K-9) ইউনিটের সদস্যদের সমন্বয়ে পরিচালিত মহড়ায় সম্ভাব্য সন্ত্রাসী হামলা মোকাবিলা, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, জিম্মি উদ্ধার, ভিআইপি নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার নানা কৌশলগত অনুশীলন প্রদর্শন করা হয়।
মহড়ায় সোয়াত সদস্যরা সশস্ত্র অভিযান ও জিম্মি উদ্ধার কৌশল দেখান। একইসঙ্গে বোম্ব ডিসপোজাল ইউনিট সম্ভাব্য বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করার কার্যক্রম প্রদর্শন করে।
এছাড়া কে-৯ ইউনিটের প্রশিক্ষিত ডগ স্কোয়াড স্টেডিয়াম ও আশপাশের এলাকায় বিস্ফোরক অনুসন্ধান এবং নিরাপত্তা তল্লাশির মহড়া চালায়।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি যাচাই এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর করতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে।














