চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে মো. সায়েম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে আরও এক কিশোর আহত হলেও চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা কিনে সেখানে বসতভিটা তৈরির উদ্যোগ নেয়। নিজের জমি ভরাটের জন্য ঘরের পাশের টিলা থেকে কয়েকদিন ধরে মাটি কাটছিল সে। বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম ও তার পাশে থাকা সোহেল রানা মাটির নিচে চাপা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
নিহতের মা ছালেহা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েদের নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন তিনি। কিন্তু একমাত্র ছেলেকেও হারিয়ে এখন তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সায়েম নামে এক কিশোরের মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করে।














