২২ সেপ্টেম্বর ২০২৬

হানিট্র্যাপে ফেলে ফ্ল্যাটে নিয়ে চাঁদাবাজি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে সুন্দরী নারীর মাধ্যমে ফাঁদে ফেলে মারধর ও চাঁদাবাজির অভিযোগে সংঘবদ্ধ হানিট্রাপ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

গ্রেপ্তাররা হলো— টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার মোছা. আফসানা আক্তার আঁখি (২৮), মুদাফা কনসেপ্ট গার্মেন্টস এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌস নদী (২৬) এবং বড় দেওড়া ফকির মার্কেট এলাকার তারেক (১৯)।

পুলিশ জানায়, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। শেরপুর জেলার ফটিয়ামারী গ্রামের বাসিন্দা সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে চক্রের সদস্যরা সুন্দরী নারীর মাধ্যমে প্রলুব্ধ করে ওই ফ্ল্যাটে নিয়ে যায়।

ফ্ল্যাটে প্রবেশের পরপরই তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি পুলিশে সোপর্দ করে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সালেহীন মিয়া বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) এস এম মেহেদী হাসান তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ হানিট্রাপ চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একই কৌশলে পূর্বেও একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইল ফোন আদায়ের কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন