২২ সেপ্টেম্বর ২০২৬

হালদা নদীতে ফের ডিম ছাড়ল মা মাছ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। তবে ডিম সংগ্রহের পরিমাণ ছিল খুবই কম, যা ডিম সংগ্রহকারীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে নদীতে জোয়ারের সময় কয়েকটি স্থানে মা মাছ ডিম ছাড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছাড়ে। সে সময় প্রায় ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল।

স্থানীয় ডিম সংগ্রহকারীরা জানান, বৃহস্পতিবার নদীর আজিমের ঘাট, আমতুয়া, অংকুরীঘোনা, কেরামত আলীর বাক ও সিপাহীর ঘাট এলাকার কিছু অংশে অল্প পরিমাণ নমুনা ডিম পাওয়া গেছে। তবে ডিমের পরিমাণ খুবই সীমিত হওয়ায় অধিকাংশ সংগ্রহকারী আশানুরূপ ফল পাননি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, ‌‘নদীতে প্রায় ৭০ থেকে ৮০টি নৌকায় করে জেলেরা ডিম সংগ্রহে অংশ নেন। তবে এ দফায় ডিমের পরিমাণ খুবই কম পাওয়া গেছে। চলতি মাসের ২৮ জুন পূর্ণিমার জোয়ার রয়েছে। ওই সময়ে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে মা মাছ পুরোদমে ডিম ছাড়তে পারে বলে আমরা আশা করছি।’

আরও পড়ুন