চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইটে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ দল।
বুধবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেয় কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই এবং ডিজিএফআই। এ বিষয়টি জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল নিশ্চিত করেন।
অভিযান চলাকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭-এর এক যাত্রীর হ্যান্ড লাগেজ তল্লাশি করে প্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা (বাংলাদেশি মুদ্রার সমমূল্য) বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ছিল ২,৫৩,৬৬৫ দিরহাম এবং ৪,৭৯০ ওমানি রিয়াল।
আটক যাত্রীর নাম মোহাম্মদ আবু বক্কর। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তাকে বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানার হেফাজতে রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৈদেশিক মুদ্রা পাচার, নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস, গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।














