চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনার ও তিন উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে বড় ধরনের রদবদল করা হয়েছে।
বুধবার (১৮ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত পৃথক দুই আদেশে এ পরিবর্তন আনা হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা ওয়াহিদুল হক চৌধুরীকে ট্রাফিক বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে বহাল রাখা হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পৃথক আরেক আদেশে সিএমপির উত্তর জোনের ডিসি আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে আরও দুই উপ-পুলিশ কমিশনারের দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
আদেশে বলা হয়, ডিবি উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান প্রাংকে দক্ষিণ জোনের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হাসান মোস্তফা স্বপনকে উত্তর জোনের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব পালনকালে ডিসি আমিরুল ইসলাম বিভিন্ন ঘটনায় আলোচনায় ও সমালোচনার মুখে পড়েছিলেন। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে আচরণ ও দায়িত্ব পালনের ধরন নিয়ে বিভিন্ন সময় সাংবাদিক সংগঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা যায়।
তবে এসব অভিযোগের বিষয়ে তিনি বিভিন্ন সময় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
সিএমপি কমিশনার জানান, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।














